গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর এক সময়ের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ৯ হত্যা মামলাসহ ২২ মামলার আসামি শেখ আসলাম ‘সুইডেন আসলাম’ নামেই পরিচিত।
গত মঙ্গলবার রাত ৯টায় সুইডেন আসলাম কারাগার থেকে মুক্তি পান বলে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান নিশ্চিত করেছেন। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে ছিলেন। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।
জেলার লুৎফর রহমান জানান, মঙ্গলবার তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পরে তা যাচাই-বাছাই শেষে রাত ৯টার দিকে তাকে কারামুক্তি দেওয়া হয়।
জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে ঢাকার ‘আন্ডারওয়ার্ল্ডে’ সুইডেন আসলাম ছিলেন বহুল উচ্চারিত একটি নাম। যুবলীগের এক নেতাকে হত্যার পর আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালে গ্রেপ্তার করা হয় সুইডেন আসলামকে। গ্রেপ্তারের সময় তিনি ছিলেন ৩৫ বছরের যুবক। দীর্ঘদিন কারাগারে থেকে ৬২ বছর বয়সে তিনি কারামুক্ত হলেন।
অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদ- হয়েছিল। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।