৪০তম বিসিএসের মতো ৪১তম বিসিএস নন-ক্যাডার সব প্রার্থীর চাকরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ সাত দফা দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪১তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থী তনায়েম তনু।
তাদের সাত দফা দাবি হলো অন্যান্য নন-ক্যাডারের মতো ৪১তম বিসিএস নন-ক্যাডারে প্যানেল চালু করতে হবে; ৪১তম বিসিএসের নামে আসা কিন্তু জয়েন না করায় খালি থাকা পদগুলো ৪১তম নন-ক্যাডার থেকেই মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে; ১৫০০ মার্কের পরীক্ষায় সব ধাপ (প্রিলিমিনারি, লিখিত, ভাইভা) উত্তীর্ণ মেধাবীদের চাকরি দিতে হবে; বিভিন্ন দপ্তরের ফাঁকা পদগুলো ৪১তম বিসিএস নন-ক্যাডার দ্বারা পূরণ করতে হবে। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তর/মাউশিসহ যেসব দপ্তরে শিক্ষক/জনবলের অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেসব দপ্তরে অনতিবিলম্বে ৪১তম বিসিএস নন-ক্যাডার হতে নিয়োগ দিতে হবে; ৪০তম বিসিএসের মতো ৪১তম বিসিএস নন-ক্যাডার সব প্রার্থীর চাকরি নিশ্চিত করতে হবে; দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রেজাল্ট টেম্পারিংয়ের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে এবং দুর্নীতির মাধ্যমে কর্মরতদের নিয়োগ বাতিল করতে হবে।