‘ডেঙ্গু নির্মূলে দুই ধরনের মশা নিধন চলছে’

ডেঙ্গু নির্মূলে উড়ন্ত এবং মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক ড. মুহ. শের আলী। তাছাড়া নিয়মিত ও বিশেষ কর্মসূচির মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল বুধবার সিটি করপোরেশনের জরুরি পরিচালন কেন্দ্র (শীতলক্ষ্যা হল) থেকে ‘মশক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম’ সরাসরি তদারকি শেষে তিনি এসব কথা বলেন।

ড. শের আলী বলেন, ‘আমরা এডিস মশার লার্ভা বিনষ্ট এবং জীবন্ত ও উড়ন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর যে তালিকা পায়, আমরা সেসব রোগীর ঠিকানা অনুযায়ী বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে থাকি।’

তিনি বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম আরও সুন্দর, সুষ্ঠু এবং সুচারুরূপে করার জন্য নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত এবং বিশেষ কর্মসূচি পরিচালনা করে চলেছে।

এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।