কার্যালয়ে ঢুকে বন কর্মকর্তা কর্মচারীদের মারধর

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্থানীয় বিট অফিসে ঢুকে বন কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে উপজেলার জাথালিয়া বিট অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুল ইসলাম, জাথালিয়া বিট কর্মকর্তা মাসুম উদ্দিন আহম্মেদ, বনপ্রহরী মোজাম্মেল হোসেন ও এনামুল হক এবং অবৈধ ঘরের মালিক আবুল হোসেন।

জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমানের ভাই বড়চালা বাজারে বনের জমিতে অবৈধ ঘর তৈরি করেন। খবর পেয়ে কাচিঘাটা রেঞ্জ ও জাথালিয়া বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকালে বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে বনের জমিতে বিএনপি নেতার ভাই আবুল হোসেনের নির্মাণাধীন ঘরটি ভেঙে দেন। অভিযান শেষে বন কর্মকর্তা-কর্মচারীরা জাথালিয়া বিট অফিসে যান। পরে আনিছুরের নেতৃত্বে তার ভাইসহ ২৫-৩০ জন লাঠিসোঁটা নিয়ে ওই বন অফিসে হামলা চালায়। তাদের হামলায় রেঞ্জ কর্মকর্তা ও অবৈধ ঘরের মালিক আবুল হোসেনসহ পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় বিট কর্মকর্তা মাসুম, বনপ্রহরী মোজাম্মেল ও এনামুলকে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

অভিযুক্ত আনিছুর রহমান বলেন, ‘বনের জমিতে অনেক ঘর উঠেছে। কিন্তু বন বিভাগের লোকজন সেগুলো না ভেঙে শুধু আমার ভাইয়ের ঘরটি গুঁড়িয়ে দেয়। এ কারণে ওই বাজারের সবাই মিলে এ ঘটনা ঘটিয়েছে। আমি হামলা করিনি।’

কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ওই বাজার এলাকায় সরকারি জমি রক্ষা করতে আবুল হোসেনের নবনির্মিত ঘরের খুঁটি ভেঙে দিয়ে অফিসে চলে আসি। কিন্তু ওই বিএনপি নেতা ও তার ভাইয়ের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে অতর্কিত হামলা চালিয়ে আমাদের মারধর করে। বিষয়টি তাৎক্ষণিক ইউএনও ও থানায় জানানো হয়েছে।’