কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত আফনানের লাশ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আল আফনানের লাশ দাফনের ৩০ দিন পর উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মামলার তদন্তের স্বার্থে জেলা শহরের ঢাকা-রায়পুর সড়কের বাস টার্মিনাল এলাকায় কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এ সময় শোকে বাকরুদ্ধ তার মা নাছিমা আক্তার নিষ্পলক তাকিয়ে ছিলেন। মা ও স্বজনদের আহাজারিতে আরও ভারী হয়ে উঠে পুরো এলাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী ও মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই কামাল হোসেনের উপস্থিতিতে কবর থেকে আফনানের লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে আফনানসহ ৪ শিক্ষার্থী আওয়ামী লীগ ও যুবলীগের গুলিতে নিহত হয়। পরে ১৪ আগস্ট রাতে আফনানের মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়।