দাবানলে ব্রাজিলের জাতীয় বনের প্রায় ২০ শতাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। রাজধানী ব্রাজিলিয়ায় অবস্থিত বনটিতে টানা দুদিন ধরে চলছে এই দাবানল। তবে স্থানীয় দমকল বাহিনীর তৎপরতায় কমতে শুরু করেছে দাবানল। উচ্চ তাপমাত্রা শুষ্ক মৌসুম হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দমকল বাহিনী। ব্রাজিলিয়ার জাতীয় বন একটি সংরক্ষিত এলাকা। বনটি ৫ হাজার ৬০০ হেক্টর জুড়ে বিস্তৃত। বনের ঝরনাগুলো শহরের ৭০ শতাংশ মিঠা পানির উৎস।
দমকলকর্মীদের সন্দেহ, নাশকতামূলকভাবে বনটিতে আগুন লাগানো হয়েছে। সেখানে তিনজন সন্দেহভাজনকে দেখা গেছে বলে জানান তারা। বনটির ব্যবস্থাপক ফ্যাবিও দো সান্তোস মিরান্দা বলেন, চারটি দাবানলের মধ্যে তিনটির আগুন নেভানো সম্ভব হয়েছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। দাবানলের কারণে ছড়িয়ে পড়া ধূসর-সাদা ধোঁয়ার মেঘে নগরীটি ছেয়ে গেছে।