চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা

চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণœ করার অভিযোগে রাজধানীতে সংগঠনের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ওই নেতা হলেন কলাবাগান থানা ছাত্রদলের সদ্যবহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত। গতকাল বৃহস্পতিবার কলাবাগান থানায়  সৈকতের বিরুদ্ধে মামলাটি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গতকাল সন্ধ্যায় কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার কলাবাগান থানা ছাত্রদলের সদ্যবহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫-২০ জনকে নিয়ে পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে তারা। ওই অপরাধ কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে।