কুষ্টিয়ায় স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কুষ্টিয়ায় মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে স্থানীয় সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, গত মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী উঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকদের তর্কাতর্কি হাতাহাতি সহ মারধরের ঘটনায় জড়িয়ে পড়েন। এসময় সিএনজি চালকরা আমাদের কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে। এরই জের ধরে নিরাপত্তার অভাবে  কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি  রুটে বাস  চলাচল বন্ধ রাখা হয়। পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে  জানানো হলে প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, গতকাল আবারো সিএনজি চালকরা আমাদের বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। তারই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ শুক্রবার ‍(৬ সেপ্টেম্বর) থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্ম বিরতি পালন করা হচ্ছে। তবে অগ্রিম টিকিট বিক্রি থাকার কারণে যাত্রীদের কথা ভেবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী দুরপাল্লার পরিবহন শুধুমাত্র আজকের জন্য চলাচল করবে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতিদ্রুত সমাধান চান তারা।