খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফারুক মীর (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মীর পার্শ্ববর্তী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের ৪ নম্বর উত্তর কোলা ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। এবং একই ওয়ার্ডে বিএনপির সভাপতি গাউস মীরের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার ও তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক ইউপি সদস্য নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিঘলিয়া উপজেলার কোলা বাজারের মোস্তাইন কাজীর ওষুধের দোকানে ফারুক মীর ও মোহম্মদ কাজীর সঙ্গে নিয়াল উদ্দিন শিকদারের মারামারি বাধে। এ সময় দুই পক্ষের সংঘের্ষে ফারুক মীর, জসিম মীর, গাউস মীর, ইলিয়াস মিনাসহ ৯জন গুরুতর আহত হয়। সংঘর্ষকালে মোস্তাইন বিল্লাহ’র ওষুধের দোকান ভাঙচুর করা হয়। এ সময় ওই দোকান থেকে ২ লাখ ২৫ হাজার টাকা লুটের অভিযোগ করা হয়।
এদিকে, আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে ইউপি সদস্য ফারুক মীর মারা যান। বর্তমানে কোলা বাজারসহ ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।
শুধু সড়কে চাঁদাবাজি করেই হাজার কোটি টাকার বেশি কামিয়েছেন তিনি