জম্মু-কাশ্মীর

৩৭০ ধারা ইতিহাস আর ফিরবে না: অমিত শাহ

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনের ইশতেহার উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। তা আর কখনোই ফিরবে না বলে জানান অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে এ উপত্যকায়। তার আগেই এমন কথা শোনা গেল এ বিজেপি নেতার মুখে। অমিত শাহ দাবি করেন, স্বাধীনতার পর থেকেই গেরুয়া শিবিরের কাছে কাশ্মীরের গুরুত্ব ছিল অপরিসীম। এবং একে ভারতের সঙ্গে যুক্ত করে রাখতে বিজেপি বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমি গোটা দেশের কাছেই এটা পরিষ্কার করে দিতে চাই ৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে। এটা আর কখনোই ফেরত আসবে না এবং আমরা ফেরাতে দেব না। কেননা ৩৭০ ধারাই কাশ্মীরের তরুণদের হাতে বন্দুক ও পাথর তুলে দিয়েছিল।

সেই সঙ্গেই ন্যাশনাল কনফারেন্সের ইশতেহারের প্রসঙ্গও উঠে আসে তার মুখে। কাশ্মীরের নির্বাচনে জয়লাভ করলে তারা ৩৭০ ধারা ফেরাবে বলে দাবি করেছে ন্যাশনাল কনফারেন্স। এ প্রসঙ্গে শাহ বলেন, তিনিও ওই ইশতেহার পড়েছেন। এর পেছনে কংগ্রেসের প্রচ্ছন্ন মদদ রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহ আরও বলেন, একটা সময় ছিল যখন আমরা দেখেছি ৩৭০ ধারার ছায়া সরকার বাধ্য হত বিচ্ছিন্নতাবাদী ও হুরিয়তের মতো সংগঠনের দাবি মেনে নিতে। কিন্তু ৩৭০ ধারা ও ৩৫ (এ) ধারা এখন অতীত। সেগুলো আর সংবিধানের অংশ নয়।

তার দাবি, ২০১৪ থেকে ২০২৪ অর্থাৎ মোদি সরকারের আমলে ভারতের ইতিহাস লিখতে হলে জম্মু ও কাশ্মীরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার মোদি সরকারের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত। উপত্যকার রাজনৈতিক দলগুলো যা মেনে নিতে পারেনি। যদিও হাজার বিরোধিতার পরেও ওই ঘটনাকে সাফল্য হিসেবেই তুলে ধরেছে বিজেপি। এদিনও ভোটমুখী জম্মু ও কাশ্মীরে সেই সুরই বজায় রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।