বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উসকানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। আমাদের উদ্বেগের বিষয়, যা আমাদের আশঙ্কা তৈরি করেছে। কারণ তিনি বলেছেন রাশিয়া, ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে শতাব্দীর সেরা গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে, এটা আমাদের নিজের বিষয়। আমাদের ওপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছিল, জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই দানব সরকারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং রাশিয়া, ইউকেন, ইসরাইল ও হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ ও উসকানিমূলক। এ বিষয়ে বাংলাদেশের সব ছাত্র-জনতাকে সতর্ক থাকতে হবে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নানা ধরনের দুরভিসন্ধি এখনো চলছে। যারা পরাজিত হয়েছে, তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা, গত ১৬ বছরে এই কালো টাকা তারা কামিয়েছে। এখন তারা এই কালো টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে। গার্মেন্টস শ্রমিকদের তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাস্তায় ব্যারিকেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আশুলিয়ায় শ্রমিকদের উসকানি দিচ্ছে। এই অশুভ শক্তি কারা, তাদের আবার এই ছাত্র-জনতা শ্রমিকরা মিলে প্রতিরোধ করতে হবে।’
রিজভী বলেন, ‘১৬ বছরে ১০০টির মতো বিদ্যুৎকেন্দ্র স্থাপন হয়েছে এবং ভারতের আদানি গ্রুপের সঙ্গে খসড়া চুক্তি বা শর্ত স্বাক্ষর করে তাদের সঙ্গে হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছে। কারণ তাদের মধ্যে পার্সেন্টের ব্যাপার আছে, টেবিলের নিচ দিয়ে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। কোনো ধরনের শর্ত না দেখেই তারা চুক্তি করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ডা. আব্দুল আউয়াল, আরিফুর রহমান তুষার প্রমুখ।
সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সাক্ষাৎ : এর আগে সকালে রিজভী আহমেদ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরা প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে তার নিউ ইস্কাটনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রিজভী তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং সমসাময়িক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রিজভীর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার।
ছয় বছর যুক্তরাজ্যে থাকা শফিক রেহমান গত ১৮ আগস্ট দেশে ফেরেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের এক কর্মকর্তা। ওই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যান তিনি।