সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আলাদা ঘটনায় সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

সাপের কামড়ে মারা যাওয়া জান্নাত বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে। জান্নাত সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। আদিত্য সালন্দর ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ গভীর রাতে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে সে মারা যায়।