আ.লীগের চেয়ারম্যানের পক্ষ নিয়ে পদ হারালেন বিএনপির দুই নেতা

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের এক চেয়ারম্যানের পক্ষ নেওয়ার অভিযোগে দলীয় পদ হারিয়েছেন বিএনপির দুই নেতা। তবে বিএনপি বলছে, সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এ দুই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলা বিএনপি এক চিঠিতে তাদের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি গাজীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল হক মাতবরকে সহযোগিতা করা নিয়ে বিএনপির এ দুজনের বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরে উপজেলা বিএনপি তাদের কারণ দর্শানোর নোটিস দিয়েছিল। অভিযুক্তদের কাছ থেকে উপযুক্ত জবাব না পেয়ে তাদের পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।

অব্যাহতি পাওয়ারা হলেন, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান নয়েছ এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গণি মৈশাল।

অভিযুক্ত মশিউর রহমান নয়েছ বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে আমি কোনো সহযোগিতা করিনি। জবাব দেওয়ার সময় শেষ হওয়ার আগেই দলের ভেতর থেকে একটি মহল ষড়যন্ত্র ও চক্রান্ত করে দলীয় পদ কেড়ে নিয়েছে। তবে দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর জেলা বিএনপির ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ উঠেছিল। অভিযোগ প্রমাণিত হওয়া আজ এ-সংক্রান্ত দলীয় চিঠি আমাদের কাছে পৌঁছেছে।’