নরসিংদীর পলাশের ঘোড়াশালে আকিজ বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাঙচুর ও প্রায় অর্ধকোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এতে মিলের তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে জনতা জুটমিলের শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনা বসেন। পরে মালিকপক্ষ দাবি মেনে নিতে সময় চায়। এ কারণে কিছু শ্রমিক কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়।
জনতা জুটমিলের ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন বলেন, অফিসের ভল্টে শ্রমিকদের রাতের শিফটের টাকা, ওভারটাইমের টাকা, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা রাখা ছিল। তারা ভল্ট ভেঙে সব টাকা নিয়ে গেছে।
মিলের জিএম মতিউর রহমান বলেন, ‘কারখানার ভেতরের সব অফিস, কর্মকর্তাদের বাংলোসহ বিভিন্ন স্থানে তারা ব্যাপক ভাঙচুর চালায়। হিসাব শাখার ক্যাশ থেকে প্রায় অর্ধকোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কারখানার ৩ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। মিলের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন বলেন, ‘মিলের শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। পরে মালিকপক্ষের প্রস্তাব বেশিরভাগ শ্রমিক মেনে নিলেও কিছু শ্রমিক উত্তেজিত হয়ে মিলে ভাঙচুর চালায়।’