ভুটানে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য 'ফাইনাল'

ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিনের (১-০) গোলে। সেই ম্যাচে প্রথমার্ধে ফরোয়ার্ড রাকিব হোসেন পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। তাই রবিবার ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে রাকিবকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ।

ভুটানে এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য দুটি জয় তুলে নিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। যেন আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর পটে থাকা যায়। প্রথম ম্যাচ জিতে অর্ধেক লক্ষ্য পূরণ হয়েছে জানিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, 'ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাবো। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তিন-চার জন খেলোয়াড় ওদের ছিল না, তবে মাঠে যারা খেলেছে, তারা অনেক ভালো পারফর্ম করেছে। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।'

অধিনায়কের মতে ৫০ শতাংশ কাজ হয়েছে। বাকিটা করতে জয়ের বিকল্প নেই। 'আমরা বলেছিলাম ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। আগামীকাল দলের জন্য এটা ফাইনাল। প্রথম ম্যাচ জিতেছি, আমরা আরও ৩ পয়েন্ট চাই। এটা পেলে আমরা সবাই খুশি হবো।'

চোট পাওয়া রাকিবকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। রাকিব দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা মামুনের। 'প্রথম ম্যাচে খেলার একটা মুহূর্তে ওদের একজন খেলোয়াড়ের ট্যাকলে রাকিব অ্যাঙ্কেলে চোট পেয়েছে। তার অ্যাঙ্কেলে এক্স-রে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে চোট এত ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, দ্রুতই সে দলে ফিরবে।'

বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচ।