বাজারে চাঁদাবাজি হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের (বিআইজিএম) সভা শেষে তিনি এসব কথা বলেন।
শিল্প-কারখানা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটার সমাধান হবে।’
উপদেষ্টা বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে। সবকিছু আপনারা দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কারওয়ান বাজারে দেখলে হবে না, অন্যান্য বাজার দেখতে হবে। কারওয়ান বাজারে নিত্যপণ্য চারবার হাতবদল হয়, এটা বন্ধ করা হবে।’