মাদারীপুরে মানহানি মামলায় খালাস তারেক রহমান

মাদারীপুরে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১৩ আগস্ট তারেক রহমানকে খালাস দেওয়া হয় বলে গতকাল শনিবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর  হোসেন মিঠু জানিয়েছেন।

তিনি জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর একটি মানহীন মামলা করেন। পরে মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে মামলাটি খালাস প্রদান করেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

তিনি আরও বলেন, খালাসের বিষয়টি আগে জানাজানি না হলেও শনিবার গণমাধ্যমে জানানো হয়। এখন আর মাদারীপুর জেলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও তিনি দাবি করেন।