পৌরসভার রাস্তা বন্ধ করে ক্লাব নির্মাণ, এলাকাবাসীর প্রতিবাদ

জামালপুর পৌর শহরের পলাশগড় এলাকায় পৌরসভার রাস্তা বন্ধ করে বিনোদনের জন্য মির্জা আজমের রিক্রেয়েশন ক্লাব করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রাস্তাটি বন্ধ করায় দুর্ভোগে পড়েছে ছয় গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ছয় গ্রামবাসীর ব্যানারে পৌর শহরের ফৌজদারি মোড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, স্থানীয় বাসিন্দা আপেল মাহমুদ, হারুন অর রশিদ, ফেরদৌস আলী সুরুজ, হাফেজ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পলাশগড় পৌরসভার ডাম্পিং স্টেশনের (ময়লার ভাগাড়) উত্তর পাশ দিয়ে চলাচলের জন্য পৌরসভার একটি রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে ছয় গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে ডাম্পিং স্টেশনের জায়গায় বিনোদনের জন্য সাবেক সংসদ সদস্য মির্জা আজম রিক্রেয়েশন ক্লাব তৈরি করেন। এখন প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে। সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু রাস্তা বন্ধ করে ডাম্পিং স্টেশনের জায়গা ক্লাবকে দিয়ে দেয়। দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান বক্তরা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ বলেন, রিক্রিয়েশন ক্লাবের জন্য যখন রাস্তা বন্ধ করে, তখন আমি প্রতিবাদ করেছিলাম। সেই সময় মেয়র ছানোয়ার হোসেন ছানু আমাকে পৌরসভায় তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। আমি দুইবার ভারত গিয়ে চিকিৎসা করেও সুস্থ হয়নি। আমার এখনও চলাচলে সমস্যা হয়। আমি ওই রিক্রিয়েশন ক্লাব বন্ধসহ রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাই।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে রাস্তা খুলে দেওয়া ও রিক্রেশন ক্লাব বন্ধের দাবিতে স্মারকলিপি দেন।