নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে বেধড়ক পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বন্দর থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে টিপু বাদী হয়ে বহিষ্কৃত বিএনপি নেতা ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নাসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা, সৌরভ, রাজিবসহ ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও এক থেকে দেড়শ জনকে আসামি করে মামলাটি করেন।
এর আগে গত শুক্রবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ তিন রাস্তার মোড়ে ওই হামলার ঘটনা ঘটে। বন্দরে বিএনপির একটি কর্মসূচিতে যাওয়ার সময় নবীগঞ্জ ঘাটের অদূরে তিন রাস্তার মোড়ে হঠাৎ শতাধিক যুবক লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে টিপু ও তার লোকদের ধাওয়া দেয়। এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন মাসুদ রানা ও স্বেচ্ছাসেবক দলনেতা খায়রুল কবির মুন্না।
এদিকে হামলার সময়কার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিপুর ওপর হামলার ঘটনায় গত শনিবার নারায়ণগঞ্জ শহরে পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির বিবাদমান দুই পক্ষ। সকালে কাউন্সিলর আবুল কাউসার আশার নেতৃত্বে ও বিকেলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।