লক্ষ্মীপুরে স্বেচ্ছাশ্রমে পাঁচ কিলোমিটার সড়ক মেরামত করছেন স্বেচ্ছাসেবকরা। গতকাল রবিবার সকাল থেকে স্থানীয় ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক স্বেচ্ছাসেবক চন্দ্রগঞ্জ থানার বটতলী কচুয়া সড়কের বটতলী থেকে দত্তপাড়া বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক মেরামত করে যানচলাচল উপযোগী করেছে।
সাম্প্রতিক বন্যায় এ সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়।
যার ফলে যানচলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সঙ্গে চন্দ্রগঞ্জ থানার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে এই এলাকার হাটবাজারে পণ্য পরিবহন ও যাত্রীদের নিরাপদ যাতায়াত বিঘ্নিত হচ্ছিল। এ থেকে পরিত্রাণের জন্য স্থানীয় ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা রাস্তায় ইট ও বালু ফেলে যানচলাচলের উপযোগী করে তোলে।
স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মপুকুর পাড় ফাউন্ডেশনের সভাপতি সাইফুল আলম সবুজ বলেন, ‘এলাকার তিন লাখ মানুষের যাতায়াতে দুর্ভোগের কারণে আমরা স্বেচ্ছাসেবকরা সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করি। সড়কটি মেরামত হওয়ায় যাত্রীদের নিরাপদ যাতায়াতে ও পণ্য পরিবহনে সুবিধা হয়েছে।’
স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমরা ইট ও বালু দিয়ে সড়কের গর্তগুলো মেরামত করেছি। এতে আমাদের প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। আমাদের সঙ্গে পুনিয়ানগর মাদ্রাসার ছাত্র-শিক্ষকরাও অংশ নিয়েছেন।’