হত্যা মামলায় তৃতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। গতকাল রবিবার তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত। গতকাল ইনুকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাকে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আক্কাস আলী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব উভয়পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই লালবাগ আজিমপুর সরকারি আবাসিক এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এর আগে গত ২৭ আগস্ট উত্তরার একটি বাসা থেকে ডিবি পুলিশ ইনুকে গ্রেপ্তার করে।