চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ

পরিচালনা পর্ষদের পদত্যাগের এক সপ্তাহের মাথায় প্রশাসক পেল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার (৯ সেপ্টেম্বর) এক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক এ নিয়োগ দেয়া হয়। প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এর আগে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন সভাপতি ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন চেম্বার পরিচালনা বোর্ড। গত ২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিসহ ২৪জন পরিচালকের পদত্যাগের কথা জানান এবং পরিচালনা পর্ষদ বিলুপ্তি পূর্বক প্রশাসক নিয়োগের অনুরোধ জানান।

নেতৃত্বশূন্যতার কারণে এক সপ্তাহ ধরে চেম্বারের নিয়মিত কার্যক্রমে এক ধরণের অচলাবস্থার সৃষ্টি হয়।