বাংলাদেশের দর্শকরা খেলাটি দেখতে পারবে ফিফা প্লাস আর ফ্যানকোড অ্যাপে
কোপা আমেরিকায় জয়ের ৫৬ দিনের ব্যবধানে আবার কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ম্যাচ হতে যাচ্ছে এটি। বাছাইপর্বে কলম্বিয়াই আর্জেন্টিনা ছাড়া একমাত্র অপরাজিত দল। তবে সবচে বেশি যেটা ভোগাতে পারে আর্জেন্টিনাকে তা হলো বারানকিলার গরম।
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত আড়াইটায়, কিন্তু কলম্বিয়ায় তখন সময় বিকেল ৩:৩০ টায়, যখন বারানকিলায় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং আর্দ্রতা ১০০ শতাংশ ছুঁয়ে যাবে, যা লিওনেল স্কালোনির দলের জন্য শারীরিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে।
আর্জেন্টিনা দলের কোচ স্কালোনি ম্যাচের সময়সূচি নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছে, 'আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে প্রচণ্ড গরম এবং এমন সময়ে খেলতে হবে যা খেলার জন্য সহায়ক নয়, তবে তারা এটাই ঠিক করেছে। আমি বলছি না যে এটি কারও জন্য সুবিধা বা অসুবিধা।'
অন্যদিকে, কলম্বিয়ার কোচ নেস্তরর লরেঞ্জো বলেন, 'বারানকিলায় বিশেষ আবহাওয়ার কথা আমরা জানি, এবং হয়তো আমাদের খেলোয়াড়রা এতে কিছুটা বেশি অভ্যস্ত হতে পারে। তবে আমাদের খেলোয়াড়রাও ইউরোপে খেলে, যেমন আর্জেন্টিনার খেলোয়াড়রাও খেলে না রকম আবহাওয়ায়।'
বারানকিলার রবার্তো মেলেন্দেজ স্টেডিয়ামের মাঠের অবস্থা কিছুটা প্রতিকূল। ঘাস উঁচু এবং অসমান, যা আর্জেন্টিনা দলের নিচ থেকে খেলার কৌশলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এটি কলম্বিয়ার খেলোয়াড়দের জন্যও একটি চ্যালেঞ্জ।
কলম্বিয়ার সঙ্গে ৪০টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এখন পর্যন্ত। ২৩টি জিতেছে, হেরেছে ৯টি। ৮ ড্রয়ের সর্বশেষটি ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে। ২০২১-এর ৯ জুন ম্যাচটি হয়েছিল এই বারানকিলায়। ক্রিশ্চিয়ান রোমেরো আর পারেদেসের গোলে ৮ মিনিটে এগিয়ে গেলেও, খেলাটি ২-২ গোলে সমতায় রেখে ফিরতে হয়েছিল মেসিদের।
কলম্বিয়ার সঙ্গে সর্বশেষ ম্যাচ কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে পা মচকে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সেই থেকে মাঠের বাইরে তিনি। তাই মেসি না থাকায় কলম্বিয়ার কোচ স্বস্তি প্রকাশ করেছেন, 'মেসি না থাকা অবশ্যই আমাদের জন্য স্বস্তির। তিনি মাঠে থাকলে তাকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে, কারণ মাত্র দুই মিটার পেলেই তিনি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন।'
কলম্বিয়া দলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলো জেমস রদ্রিগেজ, যিনি শারীরিকভাবে কিছুটা সমস্যায় রয়েছেন। তবে কোচ লরেঞ্জো বলেছেন, “যদি কেউ টিকিট কিনতে দ্বিধা করে, তাহলে তারা নিশ্চিন্তে কিনতে পারে, কারণ জেমস খেলতে যাচ্ছে।'