পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান চা শ্রমিকদের 

মূল মজুরির ৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেছেন চা শ্রমিকরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা প্রত্যাখ্যান করেন তারা। 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল। 

লিখিত বক্তব্যে নৃপেন পাল বলেন, সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি শাখা চা শ্রমিকদের মূল মজুরির ৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয়। এ ঘোষণা চা শ্রমিকবান্ধব না হওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।