চাঁদা না পেয়ে ভিজিএফের ৩০০ বস্তা চাল লুট

দুই লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে বিএনপির এক নেতার নেতৃত্বে ভিজিএফের ডিলার হাসানুজ্জামানের গুদাম থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী হাসানুজ্জামান গতকাল মঙ্গলবার ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু হাড়িয়া নিমতলা বাজারে ভিজিএফের ডিলার হাসানুজ্জামানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার টাকা না পেয়ে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মিনুর নেতৃত্বে মোটরসাইকেলে করে ৭০-৮০ জনের একটি দল হাড়িয়া নিমতলা বাজারে আসে। এ সময় তারা হাসানুজ্জামানের চালের গুদামের তালা ভেঙে আলমসাধু ও ইঞ্জিনভ্যানে করে ৩০০ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ ব্যাপারে খায়রুজ্জামান মিনুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, হাড়িয়া নিমতলায় চালের গুদামে লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ওই সময় পুলিশ আসার খবরে তারা ৩০০ বস্তা চাল লুট করে তড়িঘড়ি করে পালিয়ে যায়। ভুক্তভোগী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে লুটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।