চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিনের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য অনাস্থা জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি দেওয়া হয়েছে।
উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ এনে ওই প্রস্তাবপত্রে ১১ জন ইউপি সদস্য সই করেন।
প্রস্তাবপত্রে ইউপি সদস্যরা উল্লেখ করেন, দায়িত্ব পাওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন সরকারি বিধি না মেনে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ইউপি চেয়ারম্যান সদস্যদের না জানিয়ে কোনো প্রকার সভা না করে এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্প-বরাদ্দ দেখিয়ে বিপুল অর্থ লুটপাট করেছেন। এ ছাড়া ইউনিয়নের জনসাধারণ থেকে ‘সালিশ বাণিজ্যের’ মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন তিনি। তাই তার অপসারণসহ দ্রুত অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।
আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, ইউপি সদস্যদের লিখিত অভিযোগ এবং অনাস্থাপত্র পেয়েছেন তিনি। অনাস্থাপত্রের বিষয়ে সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।