সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করে। ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ১০টার দিকে গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে।
সাবেক আমলা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীও আত্মগোপনে ছিলেন।
এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুজনই যথাক্রমে ডিএমপির আদাবর থানা ও জিএমপির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) বাসন থানার দুটি আলাদা হত্যা মামলার আসামি।