নিরাপত্তা-উন্নয়নে একসঙ্গে কাজ করব : প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। গতকাল মঙ্গলবার নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সাক্ষাৎকে পরিচয়মূলক উল্লেখ করে জানিয়ে ভারতের প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়াও সীমান্তকেন্দ্রিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।’

তিনি বলেন, আমি আগেও বলেছি দুদেশের জন্য প্রযোজ্য শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাক্সক্ষা অর্জনের জন্য আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।

এর আগে গতকাল সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় তিনি ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে বলে জানান।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ভারতীয় হাইকমিশনারকে বলেছেন, ‘ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই। বিজ্ঞান-প্রযুক্তিসহ বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। বিনিয়োগের জন্য ভারতকে এগিয়ে আসতে আহ্বান জানানো হচ্ছে।’

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘ঢাকা-দিল্লি একসঙ্গে আগের মতোই কাজ করছে। ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান-প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।’