বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন। একইসঙ্গে তিনি  গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ বুধবার তিনি পদত্যাগপত্র জমা দেন। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন গেম ডেভলপমেন্টে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বয়সভিত্তিক দলগুলো গড়ার পেছনে তার অবদান অপরিসীম। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনের নায়ক ছিলেন এই সুজন। পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে। 

দেশের ক্লাব ক্রিকেটের কোচিংয়ে সুজন ছিলেন নিয়মিত মুখ। আবাহনী লিমিটেডের কোচ হিসেবে তিনি পরিচিত। সর্বশেষ বিপিএলে তিনি দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। ক্রিকেটার তুলে আনার পেছনে আছে তার বড় ভূমিকা সর্বজনবিদিত। ভবিষ্যতে দেশের ক্রিকেটে সুজনকে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে কিনা, সেটা সময়ই বলে দেবে। 

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির সভাপতির দায়িত্ব ছেড়েছেন নাজমুল হাসান। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালকের একজন জালাল ইউনুস পদত্যাগ করেছেন। আরেকজন আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দিয়েছে ক্রীড়া পরিষদ। ফারুক আহমেদের সঙ্গে নতুন পরিচালক হন নাজমুল আবেদীন। এরপর ৩০ অগাস্ট পদত্যাগ করেন উইমেন’স উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেল। গত বুধবার পরিচালক পদ থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক নাঈমুর রহমান। এবার খেলেন খালেদ মাহমুদ।