ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫ পরিবারকে অর্থ সহায়তা

ফেনী জেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর ও মধ্য কাজিরবাগ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ‘হৃদয়ে ৮৮’ এবং ‘চ্যানেল হৃদয়ে ৮৮’-এর যৌথ আয়োজনে গত ৭ সেপ্টেম্বর প্রতিটি পরিবারকে ২০০০ টাকা করে দেওয়া হয়। এছাড়াও ৫০টি পরিবারকে এনএফআই কিট হস্তান্তর করা হয়, যা তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী। 

এই সম্মিলিত প্রচেষ্টায় দেশে-বিদেশে ‘হৃদয়ে ৮৮’-এর বিভিন্ন সদস্যরা অর্থ জোগানের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। এছাড়াও কাজিরবাগ ইউনিয়ন পরিষদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সোনাপুর জামে মসজিদ মাদ্রাসা নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সক্রিয় সহযোগিতা করেছে।

ত্রাণ বিতরণের সময় বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্যোগগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই সহায়তা সাময়িক হলেও বন্যার্তদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়ক হবে। বক্তারা বন্যাপরবর্তী পুনর্বাসন ও সহায়তার জন্য সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর কাজিরবাগ ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুক পিন্টু, নাসির উদ্দিন (রুমন হাজারী), স্থানীয় প্রতিনিধি শামীম হোসেন, মাওলানা মুফতি আব্দুর রহিম প্রিন্সিপাল, জামিয়াতুশ শহীদ মাদ্রাসা সোনাপুর, মাওলানা দেলোয়ার হোসেন, স্থানীয় প্রতিনিধি, মাধ্যম সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ।  এছাড়া ‘হৃদয়ে ৮৮’ এবং ‘চ্যানেল হৃদয়ে ৮৮’-এর নেতৃস্থানীয়দের মধ্যে ছিলেন ডা.  সাগর খান, সুচিত্রা মিলি, জুয়েল হাজারী, লুৎফুল হক সোয়েব, মারিয়া রোজারিও দিপালী, অধ্যাপক নার্গিস আফরোজ, সাহেদ সোহেল চৌধুরী, হান্নান সাগর, খিজির আলম, ইফতেখার শাহেদ, মীর দীপন ও আনোয়ারুল ইসলাম।