দেশে জুলাই মাস জুড়ে ছাত্র-জনতার আন্দোলনের একপর্যায়ে গত ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এতে ভয়াবহ প্রভাব পড়ে ব্যাংক খাতে। এ ছাড়া আন্দোলন চলাকালে হামলা-লুট হওয়ার ভয়ে বন্ধ রাখা হয় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার এটিএম বুথ। এতে টাকা তুলতে পারেনি গ্রাহক। ফলে জুলাই মাসে এটিএম কার্ডে লেনদেন কমেছে ১০ হাজার কোটি টাকারও বেশি। শুধু এটিএম কার্ড লেনদেনই নয়, উল্লেখযোগ্য হারে কমেছে ক্রেডিট কার্ডের লেনদেনও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জুলাই মাসে এটিএম, পজ মেশিন, সিএআরএম ও ই-কমার্সে লেনদেন হয়েছে ৪০ হাজার ৮৩৯ কোটি টাকা, যা তার আগের মাস জুনে ছিল ৫১ হাজার ৬৫২ কোটি টাকা। সে হিসেবে লেনদেন কম হয়েছে ১০ হাজার ৮১২ কোটি টাকা বা আগের মাসের তুলনায় ২১ শতাংশ কম। এ ছাড়া জুলাই মাসে লেনদেনের সংখ্যা কমেছে ১৮ শতাংশের বেশি।
প্রতিবেদন বলছে, জুলাই মাসে এটিএম বুথে লেনদেন হয়েছে ২৩ হাজার ৭৩৬ কোটি টাকা। জুন মাসে লেনদেন হয়েছিল ৩১ হাজার ১৩৭ কোটি টাকা। লেনদেন কমেছে ৭ হাজার ৪৯১ কোটি টাকা। এ ছাড়া গত জুলাই মাসে বিভিন্ন দোকান, বিপণিবিতানে পজ মেশিনের মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৭১৩ কোটি টাকা। তার আগের মাস জুনে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৯৯ কোটি টাকা। সে হিসেবে লেনদেন কম হয়েছে প্রায় ৪৮৫ কোটি টাকা। জুলাই মাসে লেনদেনে ভাটা পড়ে ই-কমার্সেও। কারণ ই-কমার্স খাত পুরোপুরি ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আর ওই মাসে বেশ কয়েক দিন বন্ধ থাকে ইন্টারনেট। ওই মাসে ই-কমার্স খাতে লেনদেন হয় ১ হাজার ৪৪৮ কোটি টাকা। তার আগের মাসে হয়েছিল ১ হাজার ৬৮৮ কোটি টাকা। লেনদেন কম হয়েছে ২৪০ কোটি টাকা।
এদিকে জুলাই মাসের আন্দোলন ও ইন্টারনেট বন্ধ থাকায় পতন হয়েছে ক্রেডিট কার্ড লেনদেনেও। দেশ-বিদেশে সর্বত্রই কমেছে ক্রেডিট কার্ড লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, গত জুলাই মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ২ হাজার ৩৪২ কোটি টাকা, যা জুন মাসে ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকা। অর্থাৎ ক্রেডিট কার্ডে দেশের অভ্যন্তরে লেনদেন কমেছে ৩৭৩ কোটি টাকা বা ১৪ শতাংশ। এ সময় দেশের অভ্যন্তরে বিদেশিরা খরচ করেছেন ১৩৬ কোটি টাকা, যা জুন মাসে ছিল ১৭৬ কোটি টাকা। খরচ কমেছে প্রায় ৪০ কোটি টাকা।
প্রতি মাসেই ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ খরচ করেন বাংলাদেশিরা। এর মধ্যে শীর্ষ অবস্থানে থাকে ভারত। কিন্তু জুলাই মাসে ভিন্ন চিত্র দেখা গেছে। আন্দোলনের কারণে ভারত ভ্রমণ কমে গেছে, যার প্রভাব পড়েছে ক্রেডিট কার্ডের লেনদেনে। জুলাই মাস জুড়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৭৫ কোটি টাকা ব্যয় করেছেন, যা জুন মাসে ছিল ৫২৪ কোটি টাকা। অর্থাৎ ১ জুলাইয়ে খরচ কমেছে প্রায় ৫০ কোটি টাকা।