নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে চাঁদা দাবির বিষয়ে মিথ্যাচার করায় প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। গতকাল বুধবার দুপুরে বারদী এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ম্যানেজার নয়ন গোলদার, বারদী জুয়েলারি সমিতির সভাপতি জগদীশ দে, সাধারণ সম্পাদক লোকনাথ মালী, স্বর্ণ ব্যবসায়ী কিরণ চন্দ্র দাস প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার গণমাধ্যমে বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে তিনজন বিএনপি নেতার চাঁদা দাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাদের নিয়ে যে কথা বলা হয়েছে, তা সত্য নয়। একটি কুচক্রী মহল তাদের বক্তব্যের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করে, তা ভিত্তিহীন।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে বলেন, বারদী হিন্দু প্রধান এলাকা। অন্যান্য স্থানে মন্দিরে হামলা, চাঁদাবাজি হলেও এখানে তা হয়নি। মিথ্যা প্রতিবেদন করে এলাকার সম্মান ক্ষুন্ন করা হয়েছে।