নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের মিছিল বের করা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ অন্তত ২০ জন। ওই সময়ে দুই গ্রুপের লোকজনদের হাতে রাম দা, ধারালো অস্ত্র, রড ও লাঠিসোঁটা দেখা গেছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ে থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি একে অন্যকে দোষারোপ করেছেন।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজ প্রতিরোধের একই ব্যানারে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি একই সময়ে মিছিল বের করে। এর মধ্যে ফতুল্লা ইউনিয়ন বিএনপির মিছিলে ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। তিনি মূলত থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া সমর্থক। অন্যদিকে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সমর্থিত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যানারে মিছিলে ছিলেন ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ আরও অনেকে। দুই দলের মিছিল রেললাইন বটতলা এলাকাতে পৌঁছালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে ফতুল্লার শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি পেয়ে দুপক্ষই পালিয়ে যায়।