স্বাস্থ্যে পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি : এনডিএফ

স্বাস্থ্যে বিতর্ক পিছু ছাড়ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) নেতারা। তারা বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্কার নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। এসব সংস্কার মেনে নিতে পারছেন না চিকিৎসকরা। আওয়ামীপন্থিদের বদলি করে আওয়ামীপন্থিদেরই পদায়ন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনও করছেন চিকিৎসকরা।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এনডিএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

সম্মেলনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে কোনো পরিবর্তন এখনো দৃশ্যমান নয়। স্বৈরাচারের দোসর দুই সচিব, সচিবালয়ের অন্যান্য কিছু কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ বিরোধিতাকারী দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের পদে বহাল থেকে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।