ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
তিনি দেশ রূপান্তরকে বলেন, রাজধানীর খিলগাঁও থানায় হওয়া একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে।
জানা গেছে, ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত ৩ সেপ্টেম্বর খিলগাঁও থানায় এ মামলাটি করেন জনির বাবা ইয়াকুব আলী।
আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার ওই পদের চুক্তির মেয়াদ শেষ হয়।
গত জুন মাসে গণমাধ্যমে আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় আসেন।