চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ ওরফে লুতু মিয়া (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সৈয়দ ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.দিদারুল আলম।
তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কোরিয়ান ইপিজেডে অবস্থান নেওয়া হাতিগুলো রাতে লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালাচ্ছে। এ ব্যাপারে বনবিভাগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়ে দায় সারলেও হাতিগুলো সরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সর্বশেষ বুধবার রাতে হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ ওরফে লুতু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাতির পায়ে পিষ্ট হয়ে তার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফাজিল খাঁর হাট থেকে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ সৈয়দ। বাড়ির উঠানেই তিনি হাতির সামনে পড়ে যান। এ সময় হাতিটি তাকে তাড়া করে পায়ে পিষ্ট করে মারে। এতে তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।