টেইলর সুইফটের জয়জয়কার

বুধবার নিউ ইয়র্কের ইউবিএস অ্যারেনায় বসেছিল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’-এর আসর। টেইলর সুইফটের জন্য দারুণ সাফল্যময় রাত ছিল এটি। এবারের আসরে ‘ফোর্টনাইট’-এর জন্য ভিডিও অব দ্য ইয়ার, আর্টিস্ট অব দ্য ইয়ারসহ নানা বিভাবে সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে নিয়েছেন টেইলর সুইফট। সং অব দ্য ইয়ার পেয়েছেন সাবরিনা কারপেনটার। ‘মুন পার্সন’-এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এ বছরের সেরা নতুন শিল্পীর পুরস্কার উঠেছে চ্যাপেল রোয়ানের হাতে।

এ ছাড়া পুরস্কার জিতেছেন এসজেডএ, এমিনেম, লেনি ক্রাভিটজ, ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা এবং টাইলা। ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে ভক্তদের ভোটে সাতটি পুরস্কার জিতেছেন সুইফট। উপস্থাপনায় ছিলেন মেগান ধি স্ট্যালিয়ন। অনুষ্ঠানে পারফর্মও করেছেন তিনি। কেটি পেরি জিতেছেন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার। ছিল পেরির পারফর্মেন্সও। এ ছাড়া পারফর্ম করেছেন আনিত্তা, এমিনেম, এলএল কুল জে, বেনসন বুন, কামিলা কাবেলো, চাপেল রোয়ান, গ্লোরিল্লা, হালসে, লেনি ক্রাভিটজ, ক্যারল জি, ব্ল্যাকপিঙ্কের লিসা, শন মেন্ডেস এবং সাবরিনা কার্পেন্টার।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক হয়। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বিতর্ক শেষ হওয়ার পরপরই পপতারকা টেইলর সুইফটের সমর্থন পেয়েছেন কমলা। ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে কমলার প্রতি সমর্থনের কথা জানান এ সময়ের বিশ্বসংগীতের বড় তারকা।

ইনস্টাগ্রামে সেই পোস্টে সুইফট লিখেছেন, ‘আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’ এমন পোস্টের পরপরই সুইফটকে সন্তান উপহার দিতে চেয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক। এক পোস্টে মাস্ক সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক আগে সন্তানহীন নারীদের উপহাস করতে এই ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ ব্যবহার করেছিলেন। সেই পোস্টে ইলন মাস্ক বলেন, ‘ভালোই টেইলর... তুমি জিতেছ... আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেব।’