স্পেনের ইউরো জয় ও ম্যানসিটির সাম্প্রতিক সাফল্যের অন্যতম নায়ক রদ্রি মনে করেন, ডিফেন্সিভ মিডফিল্ডারদের পারফরম্যান্স প্রায়ই ব্যক্তিগত পুরস্কারে স্বীকৃতি পায় না।
২০১৯ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের প্রতিটি অসাধারণ অর্জনের মূল চালিকাশক্তি হয়ে ওঠা এই স্প্যানিয়ার্ড, এ বছর ক্লাবের হয়ে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার।
ব্যালন ডি’অরে ৩০ জনের তালিকায় ভিনিসিয়ুস জুনিয়র, হালান্ড, জুড বেলিংহামদের সঙ্গে আছেন এবার এই রদ্রি। তবে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথমবারের মতো ফুটবলের সেরা ব্যক্তিগত পুরস্কারের তালিকায় নাম ওঠায় বিতর্ক শুরু হয়েছে।
বিবিসি সাউন্ডসের ফুটবল ডেইলি পডকাস্টে জো হার্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রদ্রি বলেছেন, ‘আমি মনে করি, আগে এই পজিশনটা অনেক বেশি ডিফেন্সিভ ছিল। আর ফুটবল এবং ফুটবলের মার্কেটিংয়ে আমরা জানি যে, দর্শকরা গোল এবং অ্যাসিস্ট দেখতে ভালোবাসে। তাই সিদ্ধান্তগুলো সাধারণত স্ট্রাইকার, উইঙ্গার এবং ফরোয়ার্ড মিডফিল্ডারদের পক্ষে যায়।’
তিনি আরও বলেন, ‘আরও পেছনে সেন্টার-ব্যাক, গোলরক্ষক বা ডিফেন্সিভ মিডফিল্ডারদের ভূমিকা ততটা আকর্ষণীয় নয়। কিন্তু যারা এই পজিশনে খেলে, তারা এর গুরুত্ব উপলব্ধি করে। এমনকি কোনো দল যদি চ্যাম্পিয়ন হয় বা ট্রেবল জেতে, তবে হয়তো এই ধরনের খেলোয়াড়রা আসলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তবে রদ্রি আরও যোগ করেন, ‘ব্যালন ডি’অরের মতো পুরস্কার না পেলে আমরা দুঃখ পাই না, কারণ ফুটবল একটি দলগত খেলা, এবং ব্যক্তিগত পুরস্কার কেবল আপনার কাজের স্বীকৃতি। তবে মিডফিল্ডাররা সাধারণত বেশি দলকে গুরুত্ব দেয়। একজন স্ট্রাইকার হয়তো একটু স্বার্থপর হতে পারে, তবে মিডফিল্ডাররা সবসময় দলের সফলতাকেই প্রাধান্য দেয়।’