আবগারি (মদ) নীতি মামলায় দীর্ঘ ছয় মাস পর জামিন পেলেন ভারতের আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাঁকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।
আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। একই অভিযোগে ২৬ জুন তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। গত ১২ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিলেও মুক্তি পাননি তিনি। একই অভিযোগে জুন মাসে সিবিআই কেজরিওয়ালকে গ্রেপ্তার করে।
জামিন মঞ্জুর করে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, ‘বিনা বিচারে কাউকে দীর্ঘসময় কারাগারে আটকে রাখা তাকে অন্যায়ভাবে স্বাধীনতা থেকে বঞ্চিত রাখার সমতুল্য।’
প্রায় ছয় মাস কারাবন্দী ছিলেন কেজরিওয়াল। মাঝে লোকসভা নির্বাচনে প্রচারণা চালানোর জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান দিল্লির জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী।