দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র তুলে দেবেন।
তবে ইতিমধ্যেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশিকে নির্বাচিত করেছে দলটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হলে সবাই তা সমর্থন করেন।
প্রতিবেদনে বলা হয়, আজ বিকেলে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করার পর দিল্লির মন্ত্রী আতিশি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। আজ আম আদমি পার্টির (এএপি) পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে। প্রত্যেকেই তা সমর্থন করেন।
দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে আতিশি। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন।
এছাড়া রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।
এদিকে গত রোববার পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় নভেম্বর মাসে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লি বিধানসভার ভোট করানোর দাবি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আজও পদত্যাগপত্র জমা দেওয়ার সময় একই দাবি জানাবেন তিনি। তবে দাবি মানা হোক আর না হোক, মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি কাজ করতে পারবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিধানসভার মেয়াদ শেষ হবে তখনই।
হিজাবের বিষয়ে নারীদের আর বিরক্ত করবে না ইরানের পুলিশ