দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে। এমনটাই জানাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। কেজরিওয়ালকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তিন দিন আগে গত ২৬ জুন একই মামলায় আম আদমি পার্টির সর্বময় কর্তাকে আদালতে গিয়ে গ্রেপ্তার করে সিবিআই। তারা তাকে তিন দিনের হেফাজতেও পেয়েছিল। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার কেজরিকে আদালতে হাজির করানো হয়। আরও ১৪ দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আগামী ১২ জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেলেই থাকতে হবে। হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর ২টা নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আবার কেজরিকে আদালতে হাজির করানো হবে।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেপ্তার করে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। ফলে দেশের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী হন, যাকে পদে থাকাকালীন গ্রেপ্তার করা হয়। এর পর লোকসভা ভোটের সময়ে তাকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মেয়াদ শেষ হলে ২ জুন আবার তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেজরি। গত সপ্তাহে দিল্লির আদালত কেজরির জামিন মঞ্জুর করেছিল। তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে ইডি। সেখানে জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে গ্রেপ্তার করে সিবিআই।
স্ত্রীর বলা উচিৎ, দোকানে নয় আমার সামনে মদ খাও