পটিয়ার আলোচিত ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি থানা পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া থানা পুলিশের একটি টিম পৌরসভার কাগজীপাড়ার একটি গ্যারেজে তল্লাশি চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করেন।
পুলিশ জানান, গত ২৭ জুলাই দিন দুপুরে পটিয়া বাইপাসের ফারুকীপাড়া পয়েন্টে একটি বাস আটকে যাত্রীর কাছ থেকে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে। এ কাজে ব্যবহার করা হয় একটি মাইক্রোবাস। ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও তার সহযোগী মনিরকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
পটিয়া থানার এসআই মো. আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।