উত্তর কোরিয়া প্রথমবারের মতো তাদের পারমাণবিক কেন্দ্রের ছবি প্রকাশ করেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত ছবিতে দেখা যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজে ব্যবহৃত ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝখান দিয়ে হাঁটছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে কিম জং-উনের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের বিষয়টি জানানো হয়।
পরিদর্শনকালে কিম বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবেলার জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষা ও আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এসব পরমাণু অস্ত্রের প্রয়োজন রয়েছে।’
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।