মধ্য ও পূর্ব ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে রোমানিয়ায় সৃষ্ট বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) চেক প্রজাতন্ত্রের ৩৮টি স্থানে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড় বরিস পোল্যান্ড, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়ার কিছু অংশে আঘাত হানে। চেক কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী প্রাগে শহরের বন্যা প্রতিরোধ বাঁধ তুলে নেওয়া হয়েছে। পোল্যান্ডের নদীগুলোর পানি বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ায় স্থানীয়দের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। এছাড়া চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
জরুরি সেবাদাতা সংস্থার বরাতে এএফপি জানিয়েছে, রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি অঞ্চলে উদ্ধার অভিযানের সময় ৪ জনের মৃতদেহ পাওয়া যায়। দেশটির ১৯টি এলাকার কয়েক ডজন মানুষকে তাদের বাড়িঘর থেকে উদ্ধার করা হয়েছে।
দুই দশক আগে ২০০২ সালে বন্যায় প্লাবিত মেট্রো স্টেশন, ডিঙ্গিতে করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া ও প্রাগ চিড়িয়াখানায় ডুবে যাওয়া হাতির দৃশ্য এখনো স্থানীয়দের মনে গেঁথে আছে। তাই চেক রাজধানী কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিচ্ছে না।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে প্রাগের ঐতিহাসিক মালা স্ট্রানা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ডেভিলস ক্যানাল বা সেরতোভকা এক মিটার পুরু একটি ভারী ইস্পাতের গেট দিয়ে বন্ধ করে দেয়।