বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের ওপর সরকার জোর দিচ্ছে জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সামনে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা কি প্রচেষ্টা চালাচ্ছি তা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সব সংস্থার মধ্যে সমন্বিত প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। গ্রামীণ থেকে সব পর্যায়ে যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে আমরা ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ সরকারের বিভিন্ন দপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার উপদেষ্টা দেশের চলমান সার্বিক কার্যক্রম নিয়ে ছাত্র সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।