ভাইরাসে আক্রান্ত রোনালদো মিস করবেন চ্যাম্পিয়নস লিগ ম্যাচ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ পাঁচবার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন তিনি। ফলে রোনালদোর সামনে এএফসি চ্যাম্পিয়নস লিগ যার বর্তমান নাম এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট জেতার সুযোগ।

নাসর এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে প্রথম ম্যাচটা খেলবে আগামীকাল, তাদের প্রতিপক্ষ ইরাকের ক্লাব আল শর্তা। ম্যাচটি হবে বাগদাদে। ম্যাচে খেলার কথা ছিল রোনালদোরও। কিন্তু কপাল খারাপ পর্তুগিজ এই কিংবদন্তির।

ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাগদাদে যেতে পারছেন না রোনালদো। অধিনায়ককে ছাড়াই এশিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে মৌসুমের প্রথম ম্যাচটা খেলবে আল নাসর।

আল নাসরের পক্ষ থেকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, 'আল নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আজ সুস্থ বোধ করছেন না এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দলের চিকিৎসক নিশ্চিত করেছেন যে তার বিশ্রাম নিতে হবে এবং নিজের বাড়িতে থাকতে হবে। ফলে দলের সঙ্গে ইরাক সফরে যাবেন না তিনি। আমরা আমাদের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করি।'