খান ব্রাদার্সের শেয়ারের অস্বাভাবিক দর তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেন ও অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কোম্পানির শেয়ার লেনদেন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে এসইসি।

পর্যালোচনায় দেখা যায়, উৎপাদন বন্ধ ও লোকসানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর মাত্র ১৪ কার্যদিবসে ১২৫ শতাংশ বেড়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতেও শেয়ারটির দর কোনো মূল্য সংবেদনশীল কারণ ছাড়াই ২৩১ টাকায় উন্নীত হয়েছিল। শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধিতে কারসাজির অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে মূল্য সংশোধন হলেও ২৫ আগস্ট আবারও অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে শেয়ারটির দর ও লেনদেন তদন্ত করতে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে এসইসি। ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।

এসইসির চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে খান ব্রাদার্সের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে দেখা যাচ্ছে যে, তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর গত ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সময়ের মধ্যে ৭৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭৬ টাকা ৫০ পয়সা বা ১২৫ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অস্বাভাবিক এবং কারসাজি বলে মনে করছে এসইসি।