মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

জেলা শহরের হকার্স মার্কেটের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

এরপর ডিবি রোডের গানার্স মার্কেটের সামনে পথসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, অধ্যাপক কাজী মশিউর রহমান, আনারুল ইসলাম লেবু, মোস্তফা মহসিন সরকার, আবু সাইম সরকার মুক্তার প্রমুখ।