শেখ হাসিনা, রেহেনা ও জয়সহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে রুহুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

মামলায় চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৯ জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে আছেন।

এর আগে সোনারগাঁ থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা হয়।