চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চালককে গাছের সঙ্গে বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো.তারেক (৩০) ও একই এলাকার মনির আহমদের ছেলে মো.শাকিল (২৯) ।
পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালীর চেচুরিয়া এলাকা থেকে কর্ণফুলীর মইজ্ঝ্যারটেকে যাওয়া ও ফিরতি একই এলাকায় আসার জন্য চালক মামুনুর রশিদের (২৮) অটোরিকশাটি ভাড়ায় নেন তারেক ও শাকিল। রাত ৮টার দিকে অটোরিকশাটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে চালককে জরুরি কাজের কথা বলে সিডিএ আবাসিক এলাকায় নিয়ে যায় তারা। সেখানে গাছের সঙ্গে চালককে বেঁধে মারধর করার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে অটোরিকশার মালিক মিজানুর রহমানকে ফোন করা হলে তিনি এসেই চালককে উদ্ধার করেন।
এ ঘটনায় সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অটোরিকশার মালিক মিজানুর রহমান বাদি হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার ৫ ঘণ্টার মধ্যেই প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে পুলিশ।